আমার সংবাদ ডেস্ক
মে ৫, ২০২৬, ০৪:০৮ পিএম
রাজধানী ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় যাত্রীসেবার সময় আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে অথবা আসন্ন ঈদুল আজহার পর এই পরিবর্তন কার্যকর হতে পারে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, বর্তমানে মেট্রোরেলের রাতের চলাচল সময়ের সঙ্গে আরও প্রায় ৪০ থেকে ৫০ মিনিট যুক্ত করার প্রস্তুতি চলছে। এ জন্য ইতোমধ্যে কারিগরি পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হচ্ছে। পরীক্ষামূলক পর্যায় শেষ হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নতুন পরিকল্পনায় রাতের শেষ ট্রেন চলাচলের সময়ও পরিবর্তন আসছে। মতিঝিল থেকে উত্তরা রুটে শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে বলে পরিকল্পনা রয়েছে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার কথা ভাবা হচ্ছে, যা বর্তমানে ছাড়ে রাত সাড়ে ৯টায়।
এ ছাড়া ট্রেন চলাচলের মধ্যবর্তী ব্যবধান কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ের তুলনায় প্রায় ৩০ সেকেন্ড কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল সকাল সাড়ে ছয়টায় ছাড়ে এবং মতিঝিল থেকে উত্তরা রুটে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া সাতটায়।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। শুধুমাত্র রাতের সেবা সময় বৃদ্ধির দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে।
এম জি