রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫, ০৫:৩৮ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে এলজিইডি সড়ক পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
বুধবার বিকালে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির পক্ষে যৌথ স্বাক্ষরিত অভিযোগপত্রটি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কুড়িগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠানো হয়।
রাজারহাট উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কুড়ারপাড়া থেকে রিয়াদ বাজার পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ১০ হাজার ৮৩০ টাকায় প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে মেসার্স মিলন কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগকারি ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ বলেন, “চলমান সড়ক পাকাকরণ কাজে এলজিইডির নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করা হয়নি। ইটের খোয়া, এজিং ও ডব্লিউবিএম-এ সঠিক মান ও মাপ অনুসরণ হয়নি। ফলে কাজের স্থায়ীত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমরা চাই, সরকার যে নির্দেশনা অনুযায়ী বরাদ্দ দিয়েছে, তা বাস্তবায়ন হোক।”
অভিযোগপত্রে যথাযথ তদন্ত সাপেক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কাজটি নিয়মমাফিক সম্পন্ন করার দাবিও জানানো হয়েছে।
রাজারহাট উপজেলা এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল জানান, অভিযোগটি আমরা পেয়েছি।
কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনূস হোসেন বিশ্বাস বলেন, “আমি অভিযোগপত্র দেখেছি। উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি, সব জায়গায় সমস্যা থাকলে এখনই ঠিক করতে হবে। প্রয়োজনে আমি আগামী সপ্তাহে সরেজমিনে গিয়ে পরিদর্শন করব। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রমাণ মেলে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ