আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
আগস্ট ২২, ২০২৫, ১১:৩৫ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে মাসব্যাপী মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উদ্বোধনী বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর জন্মদিনে বাহুল্যপূর্ণ আয়োজন না করে আমরা জনগণের উপকারে আসে এমন কর্মসূচি হাতে নিয়েছি। এই মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীরা উপকৃত হবেন।”
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা এবং তাঁর মুক্তির দাবি জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাচ্চু এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাসব্যাপী জেলার বিভিন্ন উপজেলার জলাশয়ে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হবে।
ইএইচ