সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:১৩ পিএম
ফরিদপুরের সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুর ইসলাম, সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান ও ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মামুন সরকার বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, সংঘর্ষ নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ এবং জঙ্গিবাদ দমনে সবাইকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ জানানো হয়। তিনি পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমাজের সকল স্তরের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।
ইএইচ