মোহনগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫, ১২:৩৪ পিএম
ময়মনসিংহ টু নেত্রকোণা আঞ্চলিক সড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতানের সহধর্মিণী নার্গিস আক্তার (৪২) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার দুপুরে গৌরিপুর উপজেলার গাছতলা এলাকায় ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালেই মায়ের নিয়মিত চিকিৎসা শেষে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশে প্রাইভেটকারে রওনা হন টিপু সুলতান তার স্ত্রী ও মাকে নিয়ে। পথে সামন দিক থেকে আসা একটি বাস তাদের গাড়িকে মুখোমুখি ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে টিপু সুলতান, তার মা ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেকে) ভর্তি করেন। সন্ধ্যায় নার্গিস আক্তারের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে এবং তাকে আইসিইউতে নেওয়ার পর রাত ৭টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহনগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
টিপু সুলতান ও তার মা বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও প্রাইভেটকার চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইএইচ