কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৫, ০৫:৫৪ পিএম
তৃতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ায় মাত্র পাঁচ দিনের নবজাতককে খালের পানিতে ফেলে হত্যা করেছে পাষন্ড মা। এই হৃদয়বিদারক ঘটনায় নবজাতকের মা শারমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট হাইস্কুল বলফিল্ড সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শারমিন আক্তার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিলের বাড়ি শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামে, কিন্তু তিনি শ্বশুরবাড়ি রঘুনাথপুর এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন।
এই দম্পতির পাঁচ ও দেড় বছর বয়সী আরও দুটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে বাইরে যান শারমিন আক্তার। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান তার সন্তানকে পাওয়া যাচ্ছেনা। পরে তার স্বামী ইব্রাহিম খলিল থানায় গিয়ে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তার অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়।
পরে থানার একটি তদন্ত টিম শিশুটির মা শারমিন আক্তারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ায় পারিবারিক চাপ ও মানসিক ক্ষোভে নবজাতককে পাশের খালের কচুরিপানার নিচে ফেলে দিয়েছেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গভীর রাতে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নবজাতকের দাদী খাদিজা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত মাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেএইচআর