ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫, ০৩:৫১ পিএম
বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আলহাজ এম.এ. হান্নানের সমর্থকরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। ঘোষণাটি মুহূর্তের মধ্যেই ফরিদগঞ্জে ছড়িয়ে পড়লে হান্নান সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
রাতেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরদিন মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শতাধিক নেতাকর্মী ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা রাস্তায় শুয়ে পড়ে, টায়ারে আগুন জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় ফরিদগঞ্জ টিএন্ডটি মোড় থেকে কালিরবাজার চৌরাস্তা পর্যন্ত একাধিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে স্লোগান ওঠে, “অবৈধ মনোনয়ন মানি না, মানব না”, “হান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “দুর্দিনের হান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই।”
খণ্ড খণ্ড সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন ও ডা. আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, “তারুণ্যের অহংকার, তারেক রহমান বলেছেন, যারা দুর্দিনে দলের দায়িত্ব নিয়েছেন, মামলা–হামলার শিকার হয়েছেন, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। কেন্দ্রীয় নেতারা কথার বরখেলাপ করেছেন। যতক্ষণ পর্যন্ত প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খসরু মোল্লা, ফারুক আহম্মেদ খান, নজরুল ইসলাম (নজু) পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
ইএইচ