দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬, ০২:৪৮ পিএম
উত্তরের জেলা দিনাজপুরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যাত্রা শুরু করল ‘দিনাজপুর রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন লার্নিং ল্যাব’।
শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাবের উদ্বোধন করা হয়।
মালয়েশিয়া মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ‘রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন’ এবং ‘এক্সপ্লোরিং দ্য ফিউচার অফ এআই’ বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। যেখানে তিনি ভবিষ্যৎ বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ও তরুণ প্রজন্মের করণীয় তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। ড্রিল (DRILL)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোতাহার আলী।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন: আইডিইবি'র সাধারণ সম্পাদক ও ড্রিল-এর অর্থ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মন্জুর মোর্শেদ সুমন, হাবিপ্রবি'র সহকারী রেজিস্ট্রার ড. মো. রবিউল ইসলাম, ড্রিল-এর সাংগঠনিক সম্পাদক মো. মুকিত হায়দার শিপন, আমাদের পাঠশালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রায়হানুল ইসলাম, দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রোস্তম আলী, মাহিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরিফুল সাগর।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষকসহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এই ল্যাবটি দিনাজপুরের তরুণদের রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেএইচআর