শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬, ০৫:৫৯ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন সুবিধাভোগী ভিক্ষুকের মাঝে একটি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভেন্ডিং মেশিনও বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার দুটি বিদ্যালয়ের ২০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।
এর আগে তিনি গাড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চেয়ার, বেঞ্চ, ফ্যান এবং শিক্ষার্থীদের মাঝে ছাতাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম জি