মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৫৯ পিএম
নেত্রকোণার মোহনগঞ্জে হ্যান্ডট্রলি চাপায় মো. তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির ওই এলাকার সাইদুর রহমানের ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস শুরু করেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কেনেন তিনি। সম্প্রতি সেখানে পাকা ভবন তৈরির কাজ শুরু করেন।
আজ সোমবার ঘরের কাজের জন্য হ্যান্ডট্রলি দিয়ে ইট নিয়ে আসছিলেন সাইদুর। এ সময় তার সাথেই ছিল ছোট্ট তাফসির। ইটভর্তি হ্যান্ডট্রলিটির পেছনে হাঁটছিল সে। একপর্যায়ে ট্রলিটি উল্টোদিকে এসে তাফসিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। দুর্ঘটনার সময় শিশুটির বাবা সাইদুর রহমান পাশেই উপস্থিত ছিলেন,।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, “নিজেদের বাড়ির জন্য ইট নিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তদন্তকালে পুলিশের সাথে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উপস্থিত ছিলেন,। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ