মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৪৩ পিএম
মৌলভীবাজারে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫২ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গত ৪ জানুয়ারি (রবিবার) সকালে মৌলভীবাজারে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছিল।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক মো. সুলতান মাহমুদ। তিনি বলেন, পিআইবি’র এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য হলো আগামী নির্বাচনকে কেবল উৎসবমুখর নয়, বরং এক ‘মহা উৎসবে’ পরিণত করা। সেই লক্ষে সাংবাদিকদের দক্ষ করে তুলতেই এই কর্মযজ্ঞ।
তিনি আরও যোগ করেন, অতীতে নির্বাচনকালীন সাংবাদিকতায় যেসব বিচ্যুতি বা ত্রুটি ছিল, তা যেন আগামী নির্বাচনে না ঘটে। আমরা যদি নিজের কাছে অঙ্গীকারবদ্ধ থাকি, তবেই সুস্থ ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারব।
এর আগে প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র-জনতার ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ৫ জন সাংবাদিকসহ অনেক প্রাণ ঝরেছে। সেই রক্তের প্রতি সম্মান দেখিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আগামী নির্বাচনে পালিয়ে যাওয়া অপশক্তিগুলো নানা গুজব ছড়াতে পারে। পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকদের সেই গুজব রোধ করতে হবে এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ছাড়াও বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জেএইচআর