আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:২৭ এএম
নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে মো. শরীফুল ইসলাম (২৫) নামে এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শরীফুল ইসলাম উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত শাকিল মিয়া (২৩) তাঁর আপন চাচাতো ভাই।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাকিল ধারালো অস্ত্র নিয়ে শরীফুলের বাড়িতে চড়াও হন। একপর্যায়ে তিনি শরীফুলের মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাঁদের চাচা জহিরুল ইসলাম ঝগড়া ফেরাতে এলে তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় শরীফুলকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শরীফুলের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেএইচআর