মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
জুন ৫, ২০২৬, ০৩:৪০ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পরপর দুই সন্তানের মৃত্যুতে শোকাহত ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের বাবা-মা।
বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু নোমান। এর ১৫ দিন আগে তার যমজ ভাই ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই শিশুর বয়স ছিল দেড় বছর।
নিহত যমজ দুই শিশু উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার বাসিন্দা হারুন উর রশিদের সন্তান।
শিশু দুটির বাবা হারুন উর রশিদ জানান, সরকারিভাবে হামের টিকাদান কর্মসূচি চলাকালে তিনি দুই সন্তানকে নিয়ে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাকে জানান, টিকা শেষ হয়ে গেছে। ফলে তিনি সন্তানদের টিকা দিতে পারেননি।
তিনি বলেন, কিছুদিন পর আমার যমজ দুই ছেলের মধ্যে বড় ছেলে ফাহিম অসুস্থ হয়ে পড়ে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
হারুন উর রশিদ আরও বলেন, ফাহিমের মৃত্যুর পর চিকিৎসকরা জানান, নোমানের অবস্থাও ভালো নয়। তাদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাই। বিভিন্ন হাসপাতালে চেষ্টা করেও শয্যা না পেয়ে পরে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আট দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে নোমানও মারা যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার দুই সন্তানকে হারিয়েছি। এই শোক কোনোভাবেই সহ্য করতে পারছি না।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাছির উদ্দিন বলেন, হামের উপসর্গে দুই শিশুর মৃত্যুর বিষয়ে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে এ ধরনের রোগীর তথ্য সংরক্ষিত থাকে।
পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এম জি