আমার সংবাদ ডেস্ক
জুন ৫, ২০২৬, ০৪:১৩ পিএম
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলতে তুরস্ককে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেওয়া প্রণোদনা এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের সুযোগ-সুবিধা সম্পর্কে জানানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য তুর্কি বিনিয়োগকারীদের এসব এলাকায় বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং এবারের বৈঠক দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে নেই, তবে তা দ্রুত ১.৩ বিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
তিনি জানান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারে তাদের নিজ ভূমিতে ফেরানোর বিষয়ে তুরস্কের সহযোগিতা চাওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান।
এম জি