রায়হান জামান, কিশোরগঞ্জ
জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৩৯ পিএম
নেত্রকোণার মোহনগঞ্জে মাছ ব্যবসায়ী রাব্বী মিয়া (২২) হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামি মো. টুটুল মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শনিবার সকাল ১০টায় কিশোরগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শাহজাহান।
র্যাব জানায়, ২০২৫ সালের ২ মার্চ মোহনগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পুকুরের পশ্চিম পাড়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে কয়েকজন আসামি ধারালো চাকু দিয়ে মাছ ব্যবসায়ী মো. রাব্বী মিয়াকে বুকে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাব্বী মিয়ার পিতা বাদী হয়ে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তার অবস্থান শনাক্ত করেন। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের সদস্যরা ৩০ জানুয়ারি রাত ১১টায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানা সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার টুটুলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
ইএইচ