মো. আলমগীর (সুমন), বান্দরবান
জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:২২ পিএম
বান্দরবান শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া গ্রেনেডগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত গ্যাস গ্রেনেড বলে জানিয়েছেন পুলিশ সুপার।
শনিবার বেলা ১২টায় শহরের বাসস্ট্যান্ড ব্রিজের পাশ থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে দুজন শিশু পলিথিনে মোড়ানো অবস্থায় গ্রেনেড দুটি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে অবিস্ফোরিত দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
গ্রেনেড দুটি খুঁজে পাওয়া শিশু তামিম ও শিমুল হক চৌধুরী জানায়, তারা সেখানে খেলা করতে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। ব্যাগ খুলে ভেতরে বস্তুগুলো দেখতে পেয়ে তারা পুলিশ সার্জেন্টের কাছে জমা দেয়।
এ বিষয়ে পুলিশ সুপার আবদুর রহমান বলেন, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো পুলিশের ব্যবহৃত গ্যাস গ্রেনেড। এগুলো মূলত মিছিল-মিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ৫ আগস্টের পর বান্দরবানের কোনো থানা বা ফাঁড়ি থেকে কিছু লুট হয়নি এবং পুলিশের স্টকেও কোনো গ্রেনেড কম নেই। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আসন্ন নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলে তারা নিশ্চয়তা দিচ্ছেন।
ইএইচ