ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ঝালকাঠিতে প্রস্তুত রয়েছে ৩ হাজার ৮১ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তারা জেলার ৪টি উপজেলার ২৩৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্টের কার্যালয় মাঠে শনিবার দুপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সদস্যরা বিগত দেড় বছর ধরে চলমান প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তরুণ সদস্যদের অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কর্মকর্তা নিরব বিশ্বাস, রাজাপুর উপজেলা কর্মকর্তা আশালতা, কাঠালিয়া উপজেলা কর্মকর্তা সাইফুন্নাহার ও নলছিটি উপজেলা কর্মকর্তা সুরাইয়া বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকেরা।
আনসারের জেলা কার্যালয় থেকে জানানো হয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতে এ সমাবেশের আয়োজন করা হয়। দায়িত্ব পালনের সময় রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর সমাবেশে গুরুত্বারোপ করা হয়।
ইএইচ