নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:০৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী ১৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম চান, চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট। এদিকে বিডিপি চেয়ারম্যান তার নিজ ভোটকেন্দ্র নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও পরাজিত হয়েছেন।
নান্দাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৬৪১ জন। এর মধ্যে ১২১টি কেন্দ্রে ১ লাখ ৯৬ হাজার ৯৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম চানের ছোট ভাই আজিজুল ইসলাম পিকুল (পৌর বিএনপি—অব্যাহতি) স্বতন্ত্র প্রার্থী হাস প্রতীকের পক্ষে কাজ করেছেন। এছাড়া তার আরেক ভাই শামসুল ইসলাম শামস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নিরাপত্তা দায়িত্বে রয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে। দীর্ঘদিন পর পারিবারিক আসন পুনরুদ্ধার করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
এএন