শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
মার্চ ২, ২০২৬, ০৮:২৮ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ শিল্পী আক্তার (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাত্র তিন দিন আগে তার স্বামী রফিকুল ইসলামকেও ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
রবিবার (১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া এলাকায় এই অভিযান চালানো হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের পরিচালনায় পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে শিল্পী আক্তারের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শিল্পী আক্তারের স্বামী রফিকুল ইসলাম গত তিন দিন আগে ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন। বর্তমানে স্বামী-স্ত্রী উভয়ের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিল্পী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
জেএইচআর