চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬, ০১:১৪ পিএম
নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি বাজারে মো. ফয়সাল নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর ইফতার-পরবর্তী সময়ে এই হামলার ঘটনা ঘটে।
আহত ফয়সাল অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছিলেন। শনিবার ঢাকা থেকে বাড়ি ফিরে কড়িহাটি বাজারে ইফতার শেষ করার পরপরই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় তার দোকানও ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে ফয়সাল এই নৃশংস হামলার বর্ণনা দেন। তিনি নিজেকে ছাত্রদল রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে বলেন, “বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের লোকজন আমার ওপর এই অতর্কিত হামলা চালিয়েছে।” লাইভে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত কোনো বিরোধ থেকে ঘটেছে, তা লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
এএন