ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬, ০৩:৪২ পিএম
ঝালকাঠিতে ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক দিলারা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে টিআইবি'র ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য শিমুল সুলতানা হেপী। তিনি জানান, আন্তর্জাতিক ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’ প্রতিপাদ্যে দেশব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন নারী উন্নয়ন পদকপ্রাপ্ত অদম্য নারী ও সনাক সদস্য কবিতা হাওলাদার, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা তাবাসসুম, স্টার নিউজ প্রতিনিধি ইসমাঈল হোসাইন, গ্রাম আদালতের অক্ষয় সরকার এবং বীর মুক্তিযোদ্ধা ও সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত।
বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমান সুযোগ নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্র আরও সমৃদ্ধ হবে।
প্রধান অতিথির বক্তব্যে শাকিলা রহমান বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। ন্যায়বিচার ও সমতার পরিবেশ গড়ে তুলতে পারলেই একটি উন্নত সমাজ নির্মাণ সম্ভব।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নারী নির্যাতন ও বৈষম্য রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উল্লেখ করেন যে নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর