বাগেরহাট প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬, ০৩:৪৬ পিএম
বাগেরহাটে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হওয়ার কথা থাকলেও, তা সময়মতো শুরু না হওয়ায় উপস্থিত নারী ও অতিথিদের ভোগান্তিতে পড়তে হয়।
জানা গেছে, র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে জেলা প্রশাসক উপস্থিত হলে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল ১০টায় র্যালি শুরু হয়। র্যালিটি শহীদ মিনার থেকে মাত্র ২৫০ গজ দূরত্ব অতিক্রম করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।
পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন এবং বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
র্যালি ও আলোচনা সভা চলাকালীন বেশ কিছু অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের ব্যানার পরিবর্তন করে বারবার ছবি তোলা নিয়ে হুলস্থুল করতে দেখা যায়। এছাড়া গুরুত্বপূর্ণ এই সরকারি কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনে আসা গণমাধ্যমকর্মীদের বসার জন্য কোনো নির্দিষ্ট স্থান বা চেয়ারের ব্যবস্থা ছিল না, যা নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
র্যালিতে অংশ নিতে আসা সাধারণ নারীরা জানান, পবিত্র রমজান মাসে অনেক দূর থেকে এসে রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনুষ্ঠানটি সঠিক সময়ে শুরু হলে তাঁদের এই ভোগান্তি পোহাতে হতো না। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে অংশগ্রহণকারী সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের প্রোগ্রামটি কিছুটা বিলম্ব হয়েছে, তবে অব্যবস্থাপনা তেমন কিছু হয়নি।’ সাংবাদিকদের বসার স্থান সংকুলান না হওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জেএইচআর