দিনাজপুর প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬, ০৪:৪৮ পিএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার ৫০টিরও বেশি স্থানে আগাম ঈদের জামাত আয়োজিত হয় বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক আবু তাহের।
শহরের নিউটাউন, ফুলতলা ও ইসলামবাগ এলাকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো- বোচাগঞ্জ উপজেলার ছাতইর; বিরলের ভাড়াডাঙ্গি ও বালাদার গ্রাম; কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা; চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা এবং বিরামপুর উপজেলার আয়রা বাজার ও খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ।
আয়োজকদের মতে, প্রতিটি জামাতে গড়ে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
জেএইচআর