মিঠুন গোস্বামী, রাজবাড়ী
এপ্রিল ২, ২০২৬, ০৯:১১ পিএম
রাজবাড়ীর পাংশায় কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাগদুলী বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা এবং বাগদুলী বাজারে ‘সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম তার সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে কৃষকদের কাছে ১৬০ টাকা লিটার দরে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ জানান, অভিযুক্ত ব্যবসায়ী তেল বিক্রির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত তেল উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর