চাঁদপুর প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৬, ০৪:৪৭ পিএম
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বের মোট ইলিশের বড় একটি অংশ বাংলাদেশে উৎপাদিত হয়, যার সিংহভাগই আসে চাঁদপুর অঞ্চল থেকে। ইলিশের এই গৌরবময় উৎপাদন ধরে রাখতে এবং তা বৃদ্ধিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের তিন নদীর মোহনায় ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’।
মন্ত্রী জানান, ২০০৩-০৪ সাল থেকে সরকারের নানামুখী পদক্ষেপের ফলে বর্তমানে দেশে ইলিশের উৎপাদন ৫ লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। সরকারের লক্ষ্য এই উৎপাদনকে বছরে ২০ লাখ মেট্রিক টনে উন্নীত করা। তবে কারেন্ট জালের ব্যবহার ও নদী দূষণ ইলিশের বংশবিস্তারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু অসাধু চক্র লাইসেন্সের অপব্যবহার করে কারেন্ট জাল তৈরি করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। এছাড়া নদী দূষণ রোধে সরকার বদ্ধপরিকর।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষি খাত শক্তিশালী না হলে দেশের অর্থনীতি টেকসই হবে না। সরকার পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে, যা এই খাতের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের সকল অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা, র্যালি ও নদী টহলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী তিন নদীর মোহনার প্রাকৃতিক পরিবেশ পরিদর্শন করেন এবং স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
জেএইচআর