ভোলা প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬, ০৪:১৫ পিএম
ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের কেরামতগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী ‘সোহাগ পরিবহন’ নামের বাসটি চরফ্যাশন থেকে ছেড়ে এসে কেরামতগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসকে জায়গা দিতে যায়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খালে পড়ে যায়। বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাস থেকে যাত্রী ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি পানি থেকে তোলার কাজ চলছে।
দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের স্বজনরা জানিয়েছেন, অধিকাংশ যাত্রীই ঈদ শেষে কর্মস্থলে ফিরছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
জেএইচআর