ফেনী প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬, ১১:৩২ এএম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
রোববার বিকেলে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন।
বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনোয়ার আবদুর রহিম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আমির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, এনসিপি জেলা আহ্বায়ক সৈকত ইসলাম জাহিদ এবং সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনেকে মন্ত্রী ও সংসদ সদস্য হলেও সরকার এখনো ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করছে। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হলে ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তারা আরও বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না। গণভোট বাস্তবায়ন না হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এএন