চুয়াডাঙ্গা প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬, ০৩:০৪ পিএম
চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ শিশু পেতে যাচ্ছে হাম রুবেলা টিকা। আগামীকাল সোমবার থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এ টিকা পাবে। জেলা সিভিল সার্জন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, জেলার মোট জনসংখ্যা ১৩ লাখ ৮৭ হাজার ১২ জন। এর মধ্যে ১ লাখ ৩০৫ শিশু পাবে হাম রুবেলা টিকা। ইতিমধ্যে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এছাড়া জেলা অ্যাডভোকেসি সভা, জেলা কো-অর্ডিনেশন মিটিং এবং টিকাদান ক্যাম্পেইন নিয়ে মাইকিংয়ের প্রচার কার্যক্রম চলমান আছে। জেলায় মোট টিকাদান কেন্দ্র ৯৮০টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৮টি। এই টিকাদান কার্যক্রমে সরকারি ও বেসরকারিভাবে মোট কর্মীর সংখ্যা ৩৪১ জন। এছাড়া এ ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকবে ১ হাজার ৯৯৮ জন।
জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ জানান, চুয়াডাঙ্গা জেলায় ২০২০ সালে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন হয়েছিল। এরপর ২০২৬ সালে আবারও এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদর হাসপাতালে ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত হয়ে ৪২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে ৬ জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, “এই হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে টিকা দেওয়া হবে। এতে এই ভাইরাসজনিত রোগ থেকে শিশুরা সুরক্ষা পাবে বলে আশা করছি। সবার সহযোগিতায় আমরা শতভাগ টিকাদান নিশ্চিত করতে চাই।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. খন্দকার ইমরান হাফিজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম প্রমুখ।
এএন