বান্দরবান প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৩২ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আতাউল্লাহ কলিম (৩২) উপজেলার উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইসহাক মাস্টারের ছেলে। অপরজন মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে গরু পাচার চক্রের কলিম গ্রুপের প্রধান আতাউল্লাহ কলিম ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় কাটাবন্দুক পাওয়া গেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দুকসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করার পর খবর দিলে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা থানায় ফিরলে বিস্তারিত জানা যাবে।
এএন