শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
মে ৪, ২০২৬, ০৯:২২ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নান।
সোমবার তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসা সেবার মান, পরিচ্ছন্নতা এবং রোগীদের সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে এমপি হান্নান বলেন, চিকিৎসকেরা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে সক্ষম হলেও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ চিকিৎসার কার্যকারিতা কমিয়ে দেয়। তিনি উল্লেখ করেন, অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা অনেকটাই অর্থহীন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, চিকিৎসকেরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলেও রোগীদের শয্যা, ওয়ার্ড ও হাসপাতালের সার্বিক পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তা না হলে সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে।
সরকারের স্বাস্থ্যখাত উন্নয়নের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তবে দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতা ও জবাবদিহিতা না থাকলে প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব নয়।
হাসপাতালের যেকোনো ঘাটতির বিষয়ে দ্রুত অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ব্যক্তিগতভাবেও সহযোগিতা করবেন। পাশাপাশি সমাজের সচ্ছল ও বিত্তবানদের হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ডাক্তার আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
এম জি