মদন (নেত্রকোনা) প্রতিনিধি
মে ৭, ২০২৬, ০৫:৫৩ পিএম
নেত্রকোনার মদনে আলোচিত এক শিশু ধর্ষণের ঘটনায় বক্তব্য দেওয়ার পর থেকে গণধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন চিকিৎসক সায়মা আক্তার। নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ৩ মে মদনের একটি মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের পেশাদার বক্তব্য প্রদান করেন ডা. সায়মা আক্তার। এরপর থেকেই বিভিন্ন অজ্ঞাত মোবাইল নম্বর ও ফেসবুক আইডি থেকে তাকে অশালীন ভাষায় গালিগালাজসহ গণধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
ডা. সায়মা আক্তার জানান, তিনি প্রতি বৃহস্পতিবার মদনের ‘স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে’ রোগী দেখেন। গত ৩০ এপ্রিল ১১ বছরের এক শিশু তার কাছে চিকিৎসা নিতে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানতে পারেন শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ওই সময় শিশুটি তার ওপর হওয়া নির্যাতনের কথা চিকিৎসকের কাছে প্রকাশ করে। পরবর্তীতে গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশ হলে একটি মহল ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।
তিনি আরও বলেন, হুমকি পাওয়ার পর বিষয়টি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে জানালে তিনি আমাকে আইনি ব্যবস্থার পরামর্শ দেন। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে আজ থানায় জিডি করেছি।
জিডির বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডা. সায়মা আক্তার জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর