আমার সংবাদ ডেস্ক
মে ৯, ২০২৬, ০৪:৩৪ পিএম
বগুড়ার সদর উপজেলায় নবজাতক শিশুকে হত্যার অভিযোগে এক নারী ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। শিশুটির গলা কেটে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আটক দুজন হলেন নিপা আক্তার (২৪) ও তার বর্তমান স্বামী দুলাল মিয়া (৩৮)।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিপার আগের সংসার ভেঙে যাওয়ার পর কয়েক মাস আগে দুলাল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে তিনি একটি শিশুর জন্ম দেন। পরে নবজাতককে হত্যা করে মরদেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারী ও তার স্বামীকে আটক করে।
স্থানীয় জনপ্রতিনিধিদের ধারণা, সামাজিক চাপ ও পারিবারিক জটিলতার কারণেই এই ঘটনা ঘটতে পারে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএন