পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ১১, ২০২৬, ০৩:২৪ পিএম
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া দলসহ বিভিন্ন ইভেন্টে পদকজয়ী খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকদের রাজকীয় সংবর্ধনা দিয়েছে পটিয়া উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী এই ক্রীড়াবিদদের সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনন্য ভূমিকা পালন করছে।
তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পটিয়ার এই ক্রীড়া চর্চা আগামীতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস টিমের সচিব বোরহান উদ্দিন, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন দলের টিম ম্যানেজার ও কোচদের মধ্যে মামুনুল ইসলাম মামুন, আকতারুজ্জামান বাবলু, মফিজুর রহমান, আলমগীর আলম, আবদুল ছালাম, জাহাঙ্গীর আলম এবং হাবিবুর রহমান রিপন উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে মেডেল অর্জনকারী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পটিয়া উপজেলা প্রশাসন ক্রীড়াঙ্গনের এই ধারা অব্যাহত রাখতে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়। বিজয়ী খেলোয়াড় ও তাঁদের কোচদের উপস্থিতিতে পুরো হলরুম এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
জেএইচআর