ঝালকাঠি প্রতিনিধি
মে ১৬, ২০২৬, ০৪:৫৬ পিএম
ঝালকাঠিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান। শনিবার সকাল ১০টার দিকে তিনি সুগন্ধা ও গাবখান চ্যানেলসহ নলছিটি উপজেলার বিভিন্ন নদীভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের চলমান ব্লক নির্মাণকাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি ও তাঁদের ভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন সংসদ সদস্য। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেবা আমিনা খান।
পরিদর্শনকালে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান তাপু উপস্থিত ছিলেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এই সময় তাঁর সঙ্গে ছিলেন।
জেএইচআর