ফেনী প্রতিনিধি
মে ১৬, ২০২৬, ০৭:১২ পিএম
ফেনী শহরের ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি নাঈমা আক্তার লিজার মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিহতের পরিবার ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন লিজার বাবা মো. নুর করিম, ভাই ইয়াছিন আরাফাত রুবেল, স্বজন জুলিয়া আক্তার, তাহমিনা আক্তার, রিয়াদ, সবুজ, স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন, মো. আজাদ ও বেলায়েত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ এপ্রিল নাঈমা আক্তার লিজা প্রসব ব্যথা নিয়ে ফেনী ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে ভর্তি হন। সেদিন রাতে তার সিজারিয়ান অপারেশন হলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরের দিন সকালে নবজাতক রেখে লিজাকে ফেনী প্রাইভেট হাসপাতালে পাঠায় ওয়ান স্টপস কর্তৃপক্ষ। সেখানে চার ঘণ্টা অপারেশন থিয়েটারে রাখার পর বিকেলে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয় লিজার।
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিললেও এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। থানায় মামলা করা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
এজন্য বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় দাঁড়িয়ে দোষীদের শাস্তির দাবি করছি।
নিহত লিজার বাবা মো. নুর করিম বলেন, ভুল চিকিৎসা আর অবহেলার কারণে আমার মেয়েকে হারাতে হয়েছে। এক মাস আগে মামলা করলেও জড়িত চিকিৎসক বা অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুনেছি আসামিরা আগেই জামিন নিয়ে গেছে। এভাবে বিচারহীনতার সংস্কৃতির কারণে আবারও কোনো মা-বাবাকে সন্তান হারাতে হতে পারে।
এএন