পিরোজপুর প্রতিনিধি
মে ২৫, ২০২৬, ১১:০৯ এএম
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই নিয়োগ কার্যক্রমের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী। নিয়োগ বোর্ডে সদস্য হিসেবে আরও দায়িত্ব পালন করেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও ভোলা জেলার সহকারী পুলিশ সুপার মো. মেহেদি হাসান।
নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, মোট ১,০৮৪ জন আবেদনকারীর মধ্য থেকে শারীরিক যোগ্যতায় ৫১১ জন উত্তীর্ণ হন। এর মধ্যে লিখিত পরীক্ষায় ২৯০ জন অংশগ্রহণ করেন এবং ৪৫ জন উত্তীর্ণ হন। চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২১ জনকে নির্বাচিত করা হয়েছে (সাধারণ কোটায় ২০ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ১ জন)। এ ছাড়া ৪ জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী আরাফাত শরীফ বলেন, তিনি কোনো প্রকার ঝামেলা বা আর্থিক লেনদেন ছাড়াই শুধুমাত্র মেধার ভিত্তিতে এই চাকরি পেয়েছেন। এই স্বচ্ছ প্রক্রিয়ার জন্য তিনি বাংলাদেশ পুলিশ ও নিয়োগ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরেকজন সফল প্রার্থী বৃষ্টি দে আবেগাপ্লুত হয়ে বলেন, পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পুরো বিষয়টি অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল। তিনি নিজের মেধার ওপর ভরসা রেখে পরীক্ষা দিয়েছিলেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে অত্যন্ত আনন্দিত।
ফলাফল ঘোষণা শেষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী বলেন, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি শুধুমাত্র প্রার্থীদের মেধা, যোগ্যতা, নিষ্ঠা এবং পরিশ্রমের ওপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে।
তিনি চূড়ান্তভাবে নির্বাচিতদের সততার সাথে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে ধৈর্য ধরে পরবর্তী সুযোগের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
জেএইচআর