বরগুনা প্রতিনিধি
মে ২৬, ২০২৬, ০৮:০৩ পিএম
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার চুনাখালী ব্রিজের সঙ্গে ফার্নিচারবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে গাড়ির হেল্পার মো. আজাদ মোল্লা (২৭) নিহত হয়েছেন। এই ঘটনায় চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ মোল্লা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে। আহত চালক মেহেদীর বাড়ি একই জেলার সখিপুর উপজেলার বেথুয়া গ্রামে, তাঁর বাবার নাম আব্বাস মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফার্নিচার বোঝাই করে একটি পিকআপ ভ্যান আমতলী যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পিকআপটির বাম পাশের চাকা হঠাৎ ফেটে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে তীব্র গতিতে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চালক ও হেল্পার আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির দরজা কেটে তাঁদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লা মারা যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গুরুতর আহত চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, আজাদ মোল্লাকে হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর