সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ৩১, ২০২৬, ০৮:৩১ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে নিখোঁজের প্রায় ২৫ ঘণ্টা পর ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ পাতিন (৬)। সে কাতারপ্রবাসী মোহাম্মদ ফরহাদের ছেলে এবং স্থানীয় বাউরিয়া বাইতুল আমান মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
রোববার দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিযাজান হাজীর বাড়ির পাশের একটি কচুক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে পাতিনকে বাড়ির আশপাশে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা ব্যাপক অনুসন্ধানে অংশ নেন। দীর্ঘ প্রায় ২৫ ঘণ্টা খোঁজাখুঁজির পর রবিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি কচুক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে শিশুটির মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুরো সন্দ্বীপজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
এম জি