বরিশাল ব্যুরো
জুন ৭, ২০২৬, ০৯:২০ পিএম
বরিশাল মহানগর পুলিশের চার থানা ও গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত ৯০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে বরিশাল মহানগর পুলিশের তথ্য ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মে থেকে ৭ জুন পর্যন্ত পরিচালিত অভিযানে ৬ হাজার ৬০৭টি ইয়াবা, ২৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ১০০ মিলিলিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে।
এ সময় একটি পাইপগান, শর্টগানের দুটি কার্তুজ, একটি রামদা, দুটি হাসুয়া, তিনটি বগিদা, কয়েকটি ছুরি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি হকিস্টিক, একটি লোহার পাইপ ও তিনটি কাঠের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৪২ জন পরোয়ানাভুক্ত আসামি, ৩৮৩ জন নিয়মিত মামলার আসামি, ১৪৪ জন মহানগরী অধ্যাদেশে এবং ৪০ জন অন্যান্য আইনে গ্রেপ্তার হয়েছেন। অভিযানের মাধ্যমে একটি হত্যা মামলার রহস্যও উদ্ঘাটন করা হয়েছে।
এছাড়া কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে গত এক মাসে ১২০টি সভা, ১৩০টি বিট পুলিশিং সভা এবং ৩০টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও নগর নিরাপত্তা জোরদারে মহানগরজুড়ে ২৫০টি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ ও ফাঁড়িগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
এম জি