মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)
জুন ৮, ২০২৬, ০৫:৫২ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মাহাতাব হোসেন (৩৫) নামে এক যুবক সাপের কামড়ে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওঝার সকল প্রচেষ্টা ব্যর্থ করে বিকেলের দিকে তিনি মারা যান। নিহত মাহাতাব হোসেন ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, মাহাতাব হোসেন সকালে চৌগাছা মাঠে নিজের জমিতে ধান রোপণের কাজ করার উদ্দেশ্যে বের হন। কাজ করার এক পর্যায়ে জমির আইল পরিষ্কার করার সময় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে পাশে থাকা অন্যান্য ব্যক্তিরা সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কনটেইনারে আটকে রাখেন।
মাহাতাবের শরীর থেকে বিষমুক্ত করার জন্য পরিবারের সদস্যরা তাকে প্রথমে গাংনী পৌর এলাকার চৌগাছা পশ্চিমপাড়ার আব্দুর রহমানের ছেলে ইদ্রীস আলী (ওঝা)-এর কাছে নিয়ে যান। অভিযোগ রয়েছে, ওঝা বিভিন্ন স্থানে আগুনের তাপ দিয়ে ঝাড়ফুঁক ও চিকিৎসার চেষ্টা করেন। এতে তিন-চার ঘণ্টা পেরিয়ে গেলেও অবস্থার কোনো উন্নতি দেখা মেলেনি। মাহাতাবের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি দেখা দিলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, সাপে কাটা রোগীটি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, সাপে কামড়ানোর ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন