আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুন ১৫, ২০২৬, ০২:৩২ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে ‘এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করেছে মধুপুর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
আইসিটি অফিসার আব্রারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এবং জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির পরিচালক (অপারেশনস-২) মো. হোসেন বিন আমিন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ. মোতালেব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (আদিবাসী) সভাপতি ইউজিন নকরেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার, অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বর্তমান ডিজিটাল যুগে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ ও সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেএইচআর