মিরাজ আহমেদ, মাগুরা
জুন ১৫, ২০২৬, ০২:৪০ পিএম
মাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। সোমবার জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক বর্তমানে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার ৩০৮ নম্বর (রেস্ট এরিয়া) কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। গতকালের কয়েকটি সরকারি কর্মসূচি শেষে রাতে তিনি তীব্র অসুস্থতা অনুভব করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গত দুই দিন ধরেই তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই তাঁকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
এদিকে জেলা প্রশাসকের আকস্মিক অসুস্থতার খবরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
জেএইচআর