জবি প্রতিনিধি
জুন ১৫, ২০২৬, ০৩:৩৪ পিএম
২০২৬-২০২৭ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) নিয়ে ইউজিসির বাজেট বৈষম্যের প্রতিবাদ ও বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ বলেন, গত বছরের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবারের বাজেট কমেছে। বৃদ্ধির পরিবর্তে বাজেট কেন কমল, এর সুষ্ঠু জবাব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের কাছে চাই।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে অবহেলিত ছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বর্তমান সময়ে জবি আরও বেশি বাজেটের দাবিদার। কিন্তু এই অর্থবছরে উল্টো বাজেট কমেছে, যা অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকারের নিকট অনুরোধ, বাজেট পুনর্বিবেচনা করে যেন দ্বিগুণ করা হয়।
জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে বলা হতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করায় তৎকালীন সরকারের ক্ষোভ ছিল, যার ফলে সবদিক থেকে জবি অবহেলিত হতো। আমরা আশা করেছিলাম বর্তমান সরকারের আমলে হয়তো জবির কাঙ্ক্ষিত উন্নয়ন হবে, কিন্তু উল্টো এ বছরে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জবিতে দুটি হলের ব্যবস্থা করা হলেও এই সরকার জবির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।
জকসুর এজিএস মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট প্রদান করা হয়। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
জেএইচআর