আমার সংবাদ ডেস্ক
জুন ১৫, ২০২৬, ০২:১০ পিএম
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
পৃথক বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের কোড, কেন্দ্রের নাম, ভেন্যু এবং আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা, উত্তরা, সাভার ও ধামরাইসহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্রগুলো নির্দিষ্ট কোডসহ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন জেলার কেন্দ্রও তালিকাভুক্ত করা হয়েছে।
অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষার জন্য বিস্তারিত আসনবিন্যাস ও দিকনির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্র ব্যবস্থাপনায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটসহ গোপনীয় কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে এবং উত্তরপত্র নিয়মানুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।
এবার কেন্দ্র তালিকায় নতুন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা উইমেন্স কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ বড় কয়েকটি প্রতিষ্ঠানের শাখাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার জন্য আলাদা কেন্দ্র ও আসনবিন্যাস নির্ধারণ করা হয়েছে।
এম জি