ঝালকাঠি প্রতিনিধি
জুন ১৯, ২০২৬, ০২:০৭ পিএম
ঝালকাঠিতে পৌর প্রশাসকের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশে উৎসাহিত করবে।
বিশেষ অতিথি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, মাঠমুখী তরুণ সমাজই একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠির ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে পৌর প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এই টুর্নামেন্টের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করছি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানসহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ৩ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। শুরু থেকেই ৯ নম্বর ওয়ার্ড আত্মবিশ্বাসী ফুটবল খেলে। পুরো ম্যাচজুড়ে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে। ম্যাচে অসাধারণ দক্ষতার জন্য ৯ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ইমামুল হাসান শুভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, উদ্বোধনী ম্যাচে আমরা ৩ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি। ধারাবাহিকভাবে বাকি ওয়ার্ড খেলবে। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এএন