উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
জুন ১৯, ২০২৬, ১১:৩৮ এএম
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বছরের ভোগদখলীয় খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়সংলগ্ন মামুন মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠ জোরপূর্বক দখল করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নষ্ট করা হয়েছে। তারা অবিলম্বে মাঠটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. কাইয়ুম খান, ইউপি সদস্য মিজানুর রহমান খান মহব্বত, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম শামীম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরাজুল ইসলাম, সমাজসেবক আব্দুর রহিম বেপারী, আব্দুল হক খান, মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ বেপারী, কালাম বয়াতী, রাজন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান বেপারী এবং যুবদল নেতা মাহাবুবুর রহমান কচি প্রমুখ।
বক্তারা বলেন, গত ৭ জুন বিদ্যালয়ের শত বছরের ভোগদখলীয় খেলার মাঠ জোরপূর্বক দখল করা হয়েছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত মাঠ দখলমুক্ত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দখলকৃত খেলার মাঠে গিয়ে প্রতিবাদ জানায় এবং মাঠটি দখলমুক্ত করার দাবি পুনর্ব্যক্ত করে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, জমির কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সার্বিক খোঁজখবর রাখছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল জানান, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
এএন