আমার সংবাদ ডেস্ক
জুন ২১, ২০২৬, ১১:৪৩ এএম
‘তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেব’-এমন বেফাঁস মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে ২১ জুনের মধ্যে পুলিশ সদর দফতরে (হেডকোয়ার্টার্স) রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে সই করেন অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনকালে দেওয়া একটি বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাকে খুলনা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে। বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে দেওয়া তার বক্তব্যের ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, তিনি মুসলমান হিসেবে কথা দিচ্ছেন; ইন্সপেক্টরকে ঝুলিয়ে দেবেন, এবং গোপন তথ্য জানলে গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করা হবে বলেও মন্তব্য করেন।
এম জি