ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:৩৭ এএম

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) প্রকাশিত আদালতের আদেশে বলা হয়, মামলার বিচারক হুয়ান কার্লোস পেইনাডো চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বেগোনা গোমেজকে প্রতি মাসে দুইবার আদালতে হাজিরা দিতে হবে।

পাশাপাশি তিনি যেন স্পেন ত্যাগ করতে না পারেন, সে জন্য দেশের সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। তবে এখনো বিচার শুরুর নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

২০২৪ সালের এপ্রিলে একটি উগ্র ডানপন্থী দুর্নীতিবিরোধী সংগঠনের অভিযোগের ভিত্তিতে বেগোনা গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে তার বিরুদ্ধে তহবিল আত্মসাৎ, প্রভাব খাটানো এবং ব্যবসায়িক লেনদেনে অনিয়মের অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ পদ সৃষ্টি ও সেটি পরিচালনার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ ব্যবহার করেছেন।

তবে পেদ্রো সানচেজ ও বেগোনা গোমেজ শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছে, তিনি গত দুই বছর ধরে রাজনৈতিক ও বিচারিক হয়রানির শিকার হচ্ছেন।

এদিকে এই মামলাসহ একাধিক দুর্নীতির অভিযোগে সানচেজের পরিবার ও সাবেক রাজনৈতিক সহযোগীদের নাম সামনে আসায় স্পেনের রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছে। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি তুললেও সানচেজ তা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ডানপন্থী মহল সরকারকে দুর্বল করতে পরিকল্পিতভাবে এসব অভিযোগ তুলছে।

এ ছাড়া সানচেজ সরকারের কয়েকজন সাবেক শীর্ষ নেতা এবং প্রধানমন্ত্রীর ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধেও পৃথক দুর্নীতির অভিযোগ ও তদন্ত চলছে। ফলে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা সরকারের জন্য এই পরিস্থিতি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

এম জি

Link copied!