মো. মহসিন তালুকদার, মাদারীপুর
জুন ২৩, ২০২৬, ০৫:১৬ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে সহিংসতা প্রতিরোধে মাঠে নেমেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই জেলাজুড়ে এক টানটান উত্তেজনা বিরাজ করছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকেই মাদারীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে র্যাব, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। জেলাজুড়ে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা রুখতে ৫ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলাজুড়ে গোয়েন্দা নজরদারিও বহুগুণ বাড়ানো হয়েছে।"
এদিকে আওয়ামী লীগের সম্ভাব্য 'নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড' প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে বিভিন্ন এলাকায় একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা দেওয়া হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, "নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলা যুবদল কর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো ধরনের সন্ত্রাসী বা উসকানিমূলক কর্মকাণ্ড দেখা গেলে তা সঙ্গে সঙ্গেই কঠোরভাবে প্রতিরোধ করা হবে।"
এএন