আমার সংবাদ ডেস্ক
জুন ১৭, ২০২৬, ০৭:২১ পিএম
ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিন পর মরিয়ম নামের এক তরুণীর কবর খুঁড়েছেন তার স্বজনরা। স্বজনদের দাবি, স্বপ্নে ওই তরুণী নিজেকে কবরের ভেতর এখনো জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে এই অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, যা নিয়ে পুরো এলাকায় ব্যাপক কৌতুহল ও আলোড়নের সৃষ্টি হয়েছে। মৃত মরিয়ম চর রমেশ গ্রামের দিনমজুর খলিল লাহারির মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটন দূর করতে মরিয়ম কয়েক বছর আগে চট্টগ্রামে যান এবং সেখানে একটি পোশাক কারখানায় চাকরি নেন। গত ২৬ জুলাই ঈদুল আজহার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন এবং বাড়িতে আসার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসা চলাকালীন গত ২৮ জুন ঈদের দিন ভোরে মরিয়ম মারা যান এবং ওই দিনই ঈদের নামাজের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
দাফনের ১৫ দিন পর এলাকায় এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে যে, মরিয়মের কবর থেকে অলৌকিক সুগন্ধি বের হচ্ছে।
এর কিছুদিন পর মরিয়মের এক ভাই ও এক বোন রাতে স্বপ্নে দেখেন যে, মরিয়ম কবরের ভেতর জীবিত আছেন এবং তাকে যেন দ্রুত সেখান থেকে উদ্ধার করা হয়।
এই স্বপ্নের কথা চারদিকে জানাজানি হলে প্রতিদিন শত শত উৎসুক মানুষ কবরটি একনজর দেখতে ভিড় জমাতে শুরু করেন।
বিষয়টি নিয়ে মরিয়মের পরিবার স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এটিকে সম্পূর্ণ অবাস্তব ও অসম্ভব বলে সরাসরি উড়িয়ে দেন।
আলেমরা তাদেরকে কবরের ওপর নতুন করে মাটি দিতে এবং কোনো ধরনের বিভ্রান্ত না হওয়ার স্পষ্ট পরামর্শ দেন।
তবে আলেমদের সব সামাজিক পরামর্শ উপেক্ষা করে গতকাল বিকেলে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে মরিয়মের স্বজনরা কোদাল নিয়ে কবরটি সম্পূর্ণ খুঁড়ে ফেলেন।
এএন